জেলা প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পিএম
নড়াইল সদর উপজেলায় সাপের কামড় খেয়ে চিকিৎসা নিতে সেই সাপটিকে সঙ্গে নিয়ে হাসপাতালে হাজির হয়েছেন মো. গোলাম রাব্বানী (৬০) নামে এক বৃদ্ধ।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে তাকে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসা দিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।
গোলাম রাব্বানী সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বুড়িখালি গ্রামের মৃত জাফর মুন্সির ছেলে।
ভুক্তভোগী ও তার স্বজনদের সূত্রে জানা যায়, সোমবার দুপুরে একই গ্রামের হান্নান খাঁর বাড়িতে একটি সাপ ঢুকে পড়ে। পরে সাপটি ধরতে সেখানে যান গোলাম রাব্বানী। সাপটি ধরে খেলা দেখানোর সময় একপর্যায়ে সেটি তার ডান হাতে কামড় দেয়। এরপরও তিনি সাপটিকে ধরে একটি ব্যাগে ভরে নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান।
নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক শারমিন বলেন, সাপের কামড় খেয়ে এক বৃদ্ধ সাপটি সঙ্গে নিয়ে চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। তাকে চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
প্রতিনিধি/এসএস