Dhaka Mail Logo

সারাদেশ

নড়াইলে তিন বেকারিকে ১৪ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি

২৬ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পিএম

নড়াইলে ওজনে কম দেওয়া ও মানবদেহের জন্য ক্ষতিকর রং মেশানোর অভিযোগে তিন বেকারিকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (২৬ অক্টোবর) বেলা ১২টার দিকে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে পণ্যের ওজন কম দেওয়া এবং ক্ষতিকর রং মেশানোর অভিযোগে পদ্মা বেকারি অ্যান্ড কনফেকশনারিকে ১০ হাজার টাকা, মাহমুদা ফুডসকে ২ হাজার টাকা এবং আল আমিন বেকারিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে ভবিষ্যতে নিয়মনীতি মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়। অন্য একটি বেকারির পণ্যের ওজন ও পরিবেশ সন্তোষজনক পাওয়ায় প্রতিষ্ঠানটির বিষয়ে সন্তোষ প্রকাশ করেন অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা।

অভিযানে স্বাস্থ্য বিভাগের স্যানিটারি ইন্সপেক্টর মো. হাবিবুর রহমান, কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) নড়াইল জেলা কমিটির কোষাধ্যক্ষ স্বপ্না রায় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শামীম হাসান জানান, চলমান বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জেলার তিনটি উপজেলার বিভিন্ন হাটবাজারে তদারকি কার্যক্রম চলছে। ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং ব্যবসায়ীদের মাধ্যমে ভোক্তারা যাতে প্রতারণা ও ক্ষতির শিকার না হন, সে লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস