Dhaka Mail Logo

সারাদেশ

চাঁদপুরে পারিবারিক কবরস্থানে চিরশায়িত সাংবাদিক শফিকুর রহমান

জেলা প্রতিনিধি

২৬ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পিএম

রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার এবং জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমানকে দাফন করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টায় জেলার ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা উচ্চ বিদ্যালয় মাঠে প্রথমে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান এবং থানা পুলিশের একটি দল। পরে মরহুমের কফিনে তারা ফুলেল শ্রদ্ধা জানান।

এরপর একই স্থানে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন স্থানীয় চান্দ্রা দরবার শরিফের পীর মাওলানা হুজ্জাতুল্লাহ।

এর আগে উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন- চাঁদপুর পৌরসভার সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি জহিরুল ইসলাম, সিনিয়র আইনজীবী মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রহিম বাদশা, ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত মৌলভী আব্দুল হামিদ ও আয়েশা খাতুন দম্পতির ছেলে সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক কন্যা সন্তান রেখে গেছেন।

পরিবার থেকে জানানো হয়, শুক্রবার (২৩ অক্টোবর) রাতে বনানীর নিজ বাসভবনে তিনি স্ট্রোক করেন। পরে পরিবারের সদস্যরা তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জীবদ্দশায় শফিকুর রহমান কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসা থেকে ১৯৬৫ সালে কামিল (হাদিস) ডিগ্রি লাভ করেন। এরপর ১৯৬৭ সালে চাঁদপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন এবং ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ ডিগ্রি লাভ করেন।

সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশ নেন। পরে তিনি যুক্তরাজ্য ও জাপানে সাংবাদিকতার ওপর উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। তিনি পরপর দুইবার (২০১৫-২০১৮) সেশনে জাতীয় প্রেসক্লাবের সভাপতি ছিলেন। এছাড়াও তিনি চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য ছিলেন।

প্রতিনিধি/এলএ