Dhaka Mail Logo

সারাদেশ

হারানো মোবাইল উদ্ধারে গিয়ে চোরাই পণ্যের সন্ধান, গ্রেফতার নারী

জেলা প্রতিনিধি

২৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় হারানো একটি মোবাইল ফোনের সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে চোরাই পণ্য কেনাবেচার অভিযোগে আলেয়া বেগম (৪০) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৬ অক্টোবর) ভোরে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের উলচাপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় ওই বাড়ি থেকে ১৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১০টি বাটন মোবাইল ফোন, একটি ট্যাব, ১৩টি টর্চলাইট, পাঁচটি ঘড়ি ও চারটি পাওয়ার ব্যাংক উদ্ধার করা হয়। গ্রেফতার আলেয়া বেগম ওই এলাকার খায়েশ মিয়ার স্ত্রী।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, কয়েক দিন আগে এক ব্যক্তি তার মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় থানায় জিডি করেন। ফোনটি উদ্ধারে তদন্তের একপর্যায়ে প্রযুক্তির সহায়তায় সেটির অবস্থান উলচাপাড়া গ্রামের একটি বাড়িতে শনাক্ত করা হয়।

আরও পড়ুন

বেনাপোল সীমান্তে ২৪ লাখ টাকার স্বর্ণের বার জব্দ, আটক ১

পুলিশের অনুসন্ধানে বাড়িটি খায়েশ মিয়ার বলে জানা যায়। ওসি জানান, খায়েশ মিয়া চোরাই মোবাইল ফোনসহ বিভিন্ন পণ্য কেনাবেচার সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া যায়। এ কাজে তার স্ত্রীও জড়িত বলে অভিযোগ রয়েছে।

পরে ওই বাড়িতে অভিযান চালিয়ে তল্লাশি করা হলে বিভিন্ন ধরনের ২৪টি মোবাইল ফোন, একটি ট্যাব, ১৩টি টর্চলাইট, পাঁচটি ঘড়ি ও চারটি পাওয়ার ব্যাংক উদ্ধার করা হয়। এ সময় খায়েশ মিয়া পালিয়ে গেলেও তার স্ত্রী আলেয়া বেগমকে গ্রেফতার করে পুলিশ।

এ ঘটনায় মামলা করা হয়েছে। গ্রেফতার আলেয়া বেগমকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রতিনিধি/এসএস