জেলা প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২৬, ০৪:২৯ পিএম
মাগুরায় পুকুরের পানিতে ডুবে নিহত হুজাইফা (৯) ও ইছা আলী (১০) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাতো ভাই।
সোমবার (২৬ অক্টোবর) দুপুরে শহরের মোল্লা পাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত হুজাইফা মোল্লাপাড়ার ইমন বিশ্বাসের ছেলে এবং ইছা আলী অন্তর বিশ্বাসের ছেলে।
মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হরষিত বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত শিশুদের স্বজনরা জানান, সোমবার দুপুরে দুই শিশু মোল্লাপাড়ার বালির মাঠে খেলতে যায়। এ সময় তারা পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিলে সেখানে জরুরি বিভাগের চিকিৎসক হরষিত বিশ্বাস পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। মরদেহ দুটি মাগুরা সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রতিনিধি/এএইচ