Dhaka Mail Logo

সারাদেশ

কুমিল্লায় প্রায় ৫ লাখ টাকার পণ্যের কার্টনে মিলল ইট-বাঁশ

জেলা প্রতিনিধি

২৬ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পিএম

কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া এলাকায় প্রায় পাঁচ লাখ টাকার কৃষিপণ্যের কার্টনে কীটনাশকের পরিবর্তে ইট ও বাঁশ দেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এ ঘটনায় ডেলিভারিম্যান ও কোম্পানির এক ম্যানেজারকে আটক করেন স্থানীয় লোকজন।

রোববার (২৫ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে। সোমবার (২৬ অক্টোবর) ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী ব্যবসায়ী মেসার্স জান্নাত এন্টারপ্রাইজের মালিক মেহেদী হাসান জানান, একটি কোম্পানির ডিলারের সঙ্গে প্রায় দেড় বছর ধরে ব্যবসা করছেন তিনি। সম্প্রতি কৃষিপণ্যের কীটনাশক কেনার জন্য টাকা পরিশোধ করেন। পরে একটি গাড়িতে করে তার প্রতিষ্ঠানে পণ্য সরবরাহ করতে আসা হয়।

মেহেদী হাসানের অভিযোগ, গাড়ি থেকে দ্রুত মালামাল নামানোর সময় কয়েকটি কার্টনের ওজন অস্বাভাবিক মনে হয়। পরে কার্টন খুলে কীটনাশকের পরিবর্তে ভেতরে ইট ও বাঁশ দেখতে পান তিনি। এ সময় গাড়িতে থাকা ব্যক্তি দ্রুত গাড়ি নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজন তাদের আটক করেন।

ব্যবসায়ীর অভিযোগ, কার্টনগুলোতে মোট ৪ লাখ ৯২ হাজার টাকার পণ্যের পরিবর্তে ইট ও বাঁশ দেওয়া হয়েছে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, “ভিডিও দেখেছি। তবে এ ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ করলে আমরা ব্যবস্থা নেব।”

প্রতিনিধি/এসএস