জেলা প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পিএম
নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চন্দ্রবানু (৫২) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ সময় মাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন তার মেয়ে ডলি (২৬)।
সোমবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের মতইন গ্রামে মনু মেম্বারের বাড়ির পাশে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গিয়ে সেচপাম্পের বৈদ্যুতিক তারে পা পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হন চন্দ্রবানু। এ সময় মাকে বাঁচাতে গিয়ে তার মেয়ে ডলিও বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা মা-মেয়েকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চন্দ্রবানুকে মৃত ঘোষণা করেন। ডলির অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) হজরত আলী মিলন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রতিনিধি/এসএস