Dhaka Mail Logo

সারাদেশ

ফেনীতে অটোরিকশাচালক হত্যা: ২ দিনেও ধরা পড়েনি কেউ, ক্ষোভ

জেলা প্রতিনিধি

২৬ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পিএম

ফেনীর ছাগলনাইয়ায় অটোরিকশাচালক আবদুল হককে (৪৫) হত্যা করে তার অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় মামলা হয়েছে। তবে ঘটনার দুই দিন পেরিয়ে গেলেও এ পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। আগামী এক সপ্তাহের মধ্যে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করা না হলে মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে স্থানীয় বিএনপি।

রোববার (২৫ অক্টোবর) রাতে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের মামলার বিষয়টি জানিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২৩ অক্টোবর) রাতে ছাগলনাইয়া উপজেলার বাংলা বাজার এলাকায় আবদুল হককে কুপিয়ে তার অটোরিকশা নিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২৪ অক্টোবর) ভোরে তার মৃত্যু হয়।

আবদুল হক উপজেলার মহামায়া ইউনিয়নের মাটিয়াগোদা গ্রামের ওসমান হাওলাদারের ছেলে। ধার দেনা করে এবং কিস্তিতে প্রায় দেড় লাখ টাকা দিয়ে অটোরিকশাটি কিনেছিলেন তিনি। এই অটোরিকশা চালিয়ে দুই ছেলে ও এক মেয়েসহ পাঁচ সদস্যের পরিবারের ভরণপোষণ চালাতেন। তার মৃত্যুতে পরিবারটির একমাত্র উপার্জনের অবলম্বন হারিয়ে গেছে।

হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে মহামায়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফজলুল করিম লিটন বলেন, আবদুল হক এলাকার একজন নিরীহ ও সৎ মানুষ ছিলেন। তাকে যারা হত্যা করেছে, আগামী এক সপ্তাহের মধ্যে তাদের গ্রেফতার করতে হবে। অন্যথায় মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হবে।

তিনি আরও বলেন, একজন নিরীহ মানুষ হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে প্রশাসন ব্যর্থ হলে এমন প্রশাসন দিয়ে দেশ পরিচালনা সম্ভব নয়।

এ বিষয়ে ছাগলনাইয়া থানার ওসি মো. আবু তাহের বলেন, নিহতের স্ত্রী হাসিনা আক্তার বাদী হয়ে হত্যা মামলা করেছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তবে জিজ্ঞাসাবাদে তার সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। এ ছাড়া আরও কয়েকজন সন্দেহভাজন পুলিশের তালিকায় রয়েছেন। তাদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।

প্রতিনিধি/টিবি