Dhaka Mail Logo

সারাদেশ

গাইবান্ধায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধ হত্যা, ১৯ দিন পর আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি

২৬ অক্টোবর ২০২৬, ০২:১৮ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে জহুরুল প্রধান (বৃদ্ধ) হত্যা মামলার প্রধান আসামি ছানোয়ার হোসেন আকন্দকে (৫৫) গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)। ঘটনার ১৯ দিন পর সাঘাটা উপজেলার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোমবার (২৬ অক্টোবর) দুপুরে এসআরবি-১৩-এর সহকারী পুলিশ সুপার মুহম্মদ মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

এসআরবি-১৩ সূত্রে জানা যায়, রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত পৌনে একটার দিকে সাঘাটা উপজেলার থৈকোড়ের পাড়া গ্রামের বাবু মাস্টার নামের এক ব্যক্তির বাড়িতে অভিযান চালিয়ে ছানোয়ারকে গ্রেফতার করা হয়। তিনি গোবিন্দগঞ্জ উপজেলার চক মাকড়া গ্রামের মৃত সাইদুল ইসলাম আকন্দের ছেলে।

এসআরবি-১৩ জানায়, নিহত জহুরুল প্রধানের পরিবারের সঙ্গে ছানোয়ারের পরিবারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ হলেও বিরোধের স্থায়ী সমাধান হয়নি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর সকালে বিরোধপূর্ণ জমিতে মসজিদের সীমানাপ্রাচীর নির্মাণের জন্য মাটি খোঁড়ার কাজ শুরু করেন ছানোয়ারের পরিবারের সদস্যরা। এ সময় জহুরুল প্রধান সেখানে গিয়ে কাজে বাধা দেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে অভিযুক্ত ব্যক্তিরা জহুরুলের বুকে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ৮ অক্টোবর নিহতের স্ত্রী বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলাটির নম্বর ১৪।

এসআরবি-১৩ জানায়, হত্যাকাণ্ডের পর আসামিদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এর ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে রোববার দিবাগত রাতে সাঘাটার থৈকোড়ের পাড়া গ্রামে অভিযান চালিয়ে ছানোয়ারকে গ্রেফতার করা হয়।

এসআরবি-১৩-এর সহকারী পুলিশ সুপার মুহম্মদ মনিরুজ্জামান বলেন, গ্রেফতার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিনিধি/এসএস