Dhaka Mail Logo

সারাদেশ

যমুনায় গোসলে নেমে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

২৬ অক্টোবর ২০২৬, ০২:০২ পিএম

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর স্পার বাঁধ এলাকায় বন্ধুদের সঙ্গে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী শাহরিয়ার নুর হোসেন জিসানের (২৩) মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টার দিকে ঘটনাস্থলের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এর আগে রোববার (২৫ অক্টোবর) দুপুরে নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান জিসান।

নিহত জিসান জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের ট্যুরিস্ট হোটেল ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হাজি রফিক সড়কের বাসিন্দা আলী আকবরের ছেলে।

আরও পড়ুন

ময়মনসিংহে শ্যাম্পুর বোতলের পানি পান করে দুই শিশুর মৃত্যু

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জানান, রোববার দুপুর আড়াইটার দিকে সিরাজগঞ্জ শহরের বন্ধু জাহিদ হাসান আঁচলসহ পাঁচ বন্ধু এনায়েতপুর স্পার বাঁধ এলাকায় বেড়াতে আসেন। পরে আঁচল ছাড়া অন্য চার বন্ধু যমুনা নদীতে গোসল করতে নামেন। একপর্যায়ে জিসান নদীর পানিতে তলিয়ে যান। বন্ধুরা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন।

ওসি আরও জানান, খবর পেয়ে রাজশাহী থেকে পাঁচ সদস্যের একটি ডুবুরি দল এসে রোববার সন্ধ্যা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত উদ্ধার অভিযান চালায়। তবে ওই দিন তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

সোমবার সকালে আবারও উদ্ধার অভিযান শুরু করেন ডুবুরিরা। এ সময় ঘটনাস্থলের পাশেই জিসানের মরদেহ ভেসে ওঠে। পরে মরদেহটি উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

প্রতিনিধি/এসএস