Dhaka Mail Logo

সারাদেশ

ময়মনসিংহে শ্যাম্পুর বোতলের পানি পান করে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি

২৬ অক্টোবর ২০২৬, ০১:৪১ পিএম

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় শ্যাম্পুর বোতলে পানি মিশিয়ে তৈরি করা ফেনাযুক্ত পানি পান করে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ অপর এক শিশু সুস্থ রয়েছে বলে জানা গেছে।

রোববার (২৫ অক্টোবর) সকালে উপজেলার পাইথল ইউনিয়নের গোলাবর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো ওই গ্রামের রাহাত ব্যাপারীর ছেলে মাহমুদ হাসান সাজিত (৩) ও জনি ব্যাপারীর মেয়ে হুমায়রা (৬)।

পাগলা থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

চোর সন্দেহে গণপিটুনিতে ২ নিহতের ঘটনায় অজ্ঞাত ৫০০ জনের নামে মামলা

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্যাম্পু শেষ হয়ে যাওয়ার পর একটি বড় বোতল ঘরের এক কোণে ফেলে রাখা হয়েছিল। রোববার সকাল ১০টার দিকে সাজিত, হুমায়রা ও আরেক শিশু বোতলটি বের করে প্লাস্টিকের হাঁড়ি-পাতিল নিয়ে খেলছিল। এ সময় তারা বোতলে পানি ঢেলে ফেনা তৈরি করে। পরে ওই ফেনাযুক্ত পানি পান করলে তিন শিশুই অসুস্থ হয়ে পড়ে।

স্বজনেরা শিশুদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাজিতকে মৃত ঘোষণা করেন। গুরুতর অসুস্থ হুমায়রা ও অপর শিশুকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সন্ধ্যায় হুমায়রার মৃত্যু হয়। অপর শিশুটি সুস্থ রয়েছে বলে জানা গেছে।

এসআই আনোয়ার হোসেন বলেন, পুলিশকে জানালে ঝামেলা হতে পারে—এমন আশঙ্কায় পরিবারের কেউ বিষয়টি থানায় জানাননি। পরে রাত ১১টার দিকে সংবাদকর্মীদের ফোন পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহত শিশুদের স্বজনদের কোনো অভিযোগ নেই বলেও জানান তিনি।

প্রতিনিধি/এসএস