জেলা প্রতিনিধি
২৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ এএম
নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমন ইসলাম (২২) নামে এক এসি মিস্ত্রির মৃত্যু হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার টেক্সটাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ইমন ইসলাম নীলফামারী শহরের সরকারপাড়া এলাকার আবুল কালামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টেক্সটাইল এলাকায় ডক্টর ক্লিনিকের পরিচালক ডা. স্বপনের বাড়িতে এসির কাজ করতে যান ইমন। তার কাজ শেষ হওয়ার পরও ওই বাড়িতে গ্রিজারের কাজ করছিলেন এক মিস্ত্রি। এ সময় বিদ্যুতের সংযোগ খুঁজে না পেয়ে তারা ইমনকে ডেকে পাঠান। পরে ইমন গ্রিজারের কাছে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওপর থেকে নিচে পড়ে যান। পরে স্থানীয়রা উদ্ধার করে নীলফামারী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. আখতারুজ্জামান পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক ডা. আখতারুজ্জামান বলেন, হাসপাতালে নিয়ে আসার পর পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
এ বিষয়ে নীলফামারী থানার ওসি জিল্লুর রহমান বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রতিনিধি/টিবি