Dhaka Mail Logo

সারাদেশ

লক্ষ্মীপূজার দাওয়াতে গিয়ে ৭ আ.লীগ নেতাকর্মী আটক

জেলা প্রতিনিধি

২৬ অক্টোবর ২০২৬, ০৮:১৪ এএম

বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুর বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের পরিবারের সদস্যদের দাবি, তারা সৈকত গুহ পিকলুর বাড়িতে লক্ষ্মীপূজার দাওয়াতে গিয়েছিলেন।

আটকরা হলেন— কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও সৈকত গুহ পিকলুর ছোট ভাই সলিল গুহ পিন্টু, মহিবুল আলম খোকন, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম সরদার, মিঠুন হালদার, ওয়াসকুরনী আকন ও পলাশ হাওলাদারসহ সাতজন। তবে তাৎক্ষণিকভাবে আটক অপর একজনের নাম জানা যায়নি।

পলাশ হাওলাদার আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে রাজনৈতিক মামলার আসামি ছিলেন বলে জানা গেছে।

IMG-20261026-WA0005

সৈকত গুহ পিকলু বলেন, আমাদের বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে কয়েকজন শুভাকাঙ্ক্ষীকে দাওয়াত দেওয়া হয়েছিল। রোববার সন্ধ্যার আগে বিএনপির কয়েকজন কর্মী-সমর্থক আমাদের বাড়িতে এসে মব সৃষ্টি করে পূজার দাওয়াতে আসা ছয়জনসহ আমার ছোট ভাই পিন্টু গুহকে পুলিশের হাতে তুলে দেয়।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পর সোমবার (২৬ অক্টোবর) সকালে আদালতে পাঠানো হবে।

প্রতিনিধি/টিবি