Dhaka Mail Logo

সারাদেশ

মুখে কালো মাক্স দিয়ে ছাত্রলীগের ঝটিকা মিছিল

জেলা প্রতিনিধি

২৬ অক্টোবর ২০২৬, ০২:০৭ এএম

লক্ষ্মীপুরে ‘শেখ হাসিনা আসছে’ স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলে উপস্থিত থাকা নেতাকর্মীদের মুখে কালো মাক্স পরা ছিলো।

রোববার (২৫ অক্টোবর) সকালে জেলার মজুচৌধুরীর হাট সড়কের সাইফিয়া দরবার শরীফ এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘প্রত্যাবর্তন-২.০’ উপলক্ষে স্বাগত মিছিলটির আয়োজন করেন জেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ আল হাসিব। 

এর আগে শনিবার (২৪ অক্টোবর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে মিছিল করার ঘোষণা দেন তিনি। ওই পোস্টে পানিসম্পদমন্ত্রী শহিদ উদ্দীন চৌধুরী এ্যানির মালিকানাধীন মজুচৌধুরীর হাট সড়কের একটি ফিশারির সামনে মিছিল করার কথা উল্লেখ করেন ছাত্রলীগের এই নেতা। 

এদিকে ৪৯ সেকেন্ডের মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে মিছিলকারীদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। 

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ বলেন, কোনও মিছিল হয়নি। ফেসবুকে পোস্ট দেখে আমাদের পুলিশ ওই সড়কে টহলে ছিলো। মিছিলের ভিডিওটি অন্য কোন একদিন করে আজকে ফেসবুকে আপলোড দিয়েছে। 

উল্লেখ্য, কয়েক দিন আগে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন স্থানে অসহায় মানুষের মধ্যে খাবার বিতরণ করেন মোহাম্মদ আল হাসিব। পরে খাবার বিতরণের ওই কার্যক্রমের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

প্রতিনিধি/এআরএম