জেলা প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২৬, ১০:১৫ পিএম
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (এসিল্যান্ড) আরিফুর রহমান শান্তকে সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বদলি করা হয়েছে। এ বিষয়ে রোববার (২৫ অক্টোবর) বিকেলে এই আদেশ দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাপস শীল।
এসিল্যান্ড আরিফুর রহমান বর্তমানে ঢাকার পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার বিকেলে সিলেট থেকে তার স্ত্রী ও উপজেলা প্রশাসনের এক কর্মী তাকে ঢাকায় নিয়ে যান।
এসিল্যান্ড আরিফুর রহমান তার দাপ্তরিক ফেসবুক পেজে শুক্রবার রাত সোয়া ১০টার দিকে পরপর দুটি পোস্ট করেন।
এতে লেখা ছিল- ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রানী মোদক (ইউএনও) দায়ী থাকবে’ ও ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার’।
ফেসবুকে এমন পোস্ট দেখে পুলিশসহ অন্যরা ছুটে যান তার বাসায়। এরপর গভীর রাতে তাকে জামালগঞ্জ থেকে নেওয়া হয় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে। পরে রাতেই নেওয়া হয় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানকার চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে তার স্ত্রী ও অন্যরা শনিবার বিকেলে ঢাকায় নিয়ে যান।
আরিফুর রহমান প্রায় দুই মাস হয় জামালগঞ্জে এসিল্যান্ডের দায়িত্ব পালন করছিলেন। তিনি স্ত্রীকে নিয়ে উপজেলা সদরে থাকতেন।
ওই দিনের ঘটনার বর্ণনা দিয়ে ইউএনও শিল্পী রানী মোদক জানান, শুক্রবার ইউএনওর তিন বছর বয়সী মেয়ের জন্মদিন ছিল। রাতে কেককাটার আয়োজনে এসিল্যান্ড স্ত্রীসহ তার (ইউএনও) বাসায় উপস্থিত হন। এরপর বাসা থেকে বের হয়েই সোয়া ১০টার দিকে তিনি ফেসবুকে পোস্ট দেন। পোস্ট দেখে অনেকেই এসিল্যান্ডের বাসায় যান। পুলিশও আসে। এর আগে তিনি সেখানে থাকা আনসার সদস্যকে মারধর করেন। ঘরের গ্লাস ভাঙেন।
বাসায় গিয়ে দেখা যায়, তিনি অস্বাভাবিক আচরণ করছেন। পরিচিত লোকজনকেও তিনি চিনতে পারছিলেন না। তখন উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকও আসেন। এসিল্যান্ডের স্ত্রী দুটি ইনজেকশনের কথা বলেন। কিন্তু সেগুলো পাওয়া যায়নি। পরে তাকে ঘুমের ইনজেকশন দেওয়া হয়। এরপরও তিনি অস্বাভাবিক আচরণ করছিলেন। তখন তার স্ত্রী তাকে সিলেটে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
প্রতিনিধি/এলএ