Dhaka Mail Logo

সারাদেশ

ভূঞাপুরে মাদকের বিরুদ্ধে তরুণ-যুবকদের মোটরসাইকেল শোভাযাত্রা

জেলা প্রতিনিধি

২৫ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুরে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা ও মাদকের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোটরসাইকেল শোভাযাত্রা ও লিফলেট বিতরণ করেছে স্থানীয় তরুণ ও যুবসমাজ।

রোববার বিকেলে উপজেলার নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সোলায়মান হোসেন লিটনের উদ্যোগে এই মোটরসাইকেল শোডাউন করা হয়। 

শোভাযাত্রাটি উপজেলার মাটিকাটাস্থ নিকরাইল ইউনিয়নের পরিষদ মাঠ থেকে শুরু হয়। পরে যমুনা সেতু-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়ক হয়ে যমুনা সেতু পাথাইকান্দি বাজারে গিয়ে শেষ হয়।

এরপর সেখানে মাদকরোধী জনসচেতনতা ও চেয়ারম্যান পদপ্রার্থী সোলায়মান হোসেনের পক্ষে তার নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে গণসংযোগ করেন। এতে মোটরসাইকেল শোভাযাত্রায় অর্ধ শতাধিক মোটরসাইকেল অংশ নেয়।

আয়োজকরা জানান, শুধু প্রশাসনের অভিযান নয়, সামাজিক সচেতনতাই পারে মাদক নির্মূলে কার্যকর ভূমিকা রাখতে। আমাদের এ ধরনের কার্যক্রম চলবে।

এ সময় উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক কমিটির সদস্য আবু বকর তালুকদার, নিকরাইল ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি এনামুল শেখ, বেলাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নুর আলম তালুকদার, খায়রুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এলএ