জেলা প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২৬, ০৯:০৪ পিএম
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বাঘের আক্রমণে আহত হয়েছেন তিন বাংলাদেশি। তাদের মধ্যে গুরুতর আহত দুজনকে পাঠানো হয়েছে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
রোববার বিকেল ৪টার দিকে উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তর থেকে একটি বাঘ বাংলাদেশে প্রবেশ করে বলে জানিয়েছে বিজিবি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধানক্ষেতে ছাগল খুঁজতে গিয়ে প্রথমে বাঘের আক্রমণের শিকার হন শরিফা বেগম নামে এক নারী। পরে আরও দুজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আহত তিনজনের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে।
এদিকে খবর পেয়ে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করেছে বিজিবি। ১৫ বিজিবির অধিনায়কসহ একটি টহল দল ঘটনাস্থলে অবস্থান করছে।
তবে বাঘটি বর্তমানে কোথায় রয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় সীমান্তবর্তী এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে।
প্রতিনিধি/এলএ