Dhaka Mail Logo

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসা নিতে যাওয়ার পথে ট্রলির ধাক্কায় শিক্ষিকা নিহত

জেলা প্রতিনিধি

২৫ অক্টোবর ২০২৬, ০৮:২৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জে দ্রুতগতির ট্রলির ধাক্কায় মোসা. হাজেরা বেগম (৫০) নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় তার ভাই ও মোটরসাইকেলচালক শাহজাহান আলী আহত হয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে সদর উপজেলার লালাপাড়া এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-শিবগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাজেরা বেগম জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর বাজার এলাকার মৃত ছনু মিয়ার স্ত্রী। তিনি স্থানীয় ফ্রিডম স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকতা করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থ হাজেরা বেগমকে চিকিৎসার জন্য মোটরসাইকেলে করে চাঁপাইনবাবগঞ্জ শহরে নিয়ে যাচ্ছিলেন তার ভাই শাহজাহান আলী। পথে লালাপাড়া এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রলি মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দুজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক হাজেরা বেগমকে মৃত ঘোষণা করেন। আহত শাহজাহান আলীকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন আকন্দ জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/এসএস