Dhaka Mail Logo

সারাদেশ

শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়ন, মাদরাসাশিক্ষক গ্রেফতার

জেলা প্রতিনিধি

২৫ অক্টোবর ২০২৬, ০৭:৫০ পিএম

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসার এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

চন্দ্রগঞ্জ থানার মান্দারী ইউনিয়নের গন্ধব্যপুর এলাকার এহ্ইয়াউল উলুম হাফিজিয়া মাদরাসা থেকে শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শিক্ষকের নাম মাওলানা ইব্রাহিম।

একই ঘটনায় মাদ্রাসার প্রধান শিক্ষকের ছেলে মোহাম্মদ নামে আরও একজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তাকে এখনও আটক করা যায়নি।

পুলিশ জানায়, শনিবার ভুক্তভোগী শিক্ষার্থীর মা চন্দ্রগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে আদালতে পাঠায়।

ভুক্তভোগীর মা জানান, ছেলেকে কোরআনের হাফেজ বানানোর উদ্দেশে তিনি ওই মাদরাসার আবাসিক বিভাগে ভর্তি করেছিলেন। ইতোমধ্যে তার ছেলে চার পারা হিফজ সম্পন্ন করেছে। সম্প্রতি ছেলে বাড়িতে এসে দুই ব্যক্তির দ্বারা নিপীড়নের কথা জানায়। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব বলেন, ‘ভুক্তভোগীর মায়ের করা মামলার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত মাওলানা ইব্রাহিমকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অপর অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রতিনিধি/এলএ