Dhaka Mail Logo

সারাদেশ

আপত্তিকর ভিডিও ছড়ানোর ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ, শিক্ষক কারাগারে

জেলা প্রতিনিধি

২৫ অক্টোবর ২০২৬, ০৭:০৭ পিএম

সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে মাদরাসায় ভর্তি করিয়েছিলেন এক মা। কিন্তু সেই মাদরাসার তিন শিক্ষকের বিরুদ্ধে ওই নারীকে আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দায়ের করা মামলায় আবু সাঈদ (৩৬) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার অপর দুই আসামি হলেন ফরিদুল ইসলাম ও মোহন মিয়া। ঘটনাটি গোবিন্দগঞ্জ পৌর এলাকার লালমাটিয়া নূরানী ক্যাডেট মাদরাসাকে কেন্দ্র করে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, এক শিক্ষার্থীর মাকে আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার কাছ থেকে অর্থ আদায় করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর এলাকায় আলোচনা শুরু হয়। পরে ভুক্তভোগী ওই নারীর অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয় পুলিশ।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বাদীর এজাহারের বরাত দিয়ে বলেন, অভিযুক্ত ব্যক্তিরা আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই নারীর কাছ থেকে দুই দফায় ৩ লাখ ৮০ হাজার টাকা আদায় করেছেন বলে অভিযোগ রয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে আবু সাঈদকে গ্রেফতার করা হয়। পরে তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রতিনিধি/এসএস