জেলা প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৫ পিএম
দিনাজপুরের পার্বতীপুরে বসতবাড়ির রাস্তার জমি নিয়ে বিরোধের জেরে মারামারিতে মনোরঞ্জন রায় (৫৫) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আসাদুজ্জামান (৩২) নামে একজনকে আটক করেছে পুলিশ।
রোববার (২৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে উপজেলার ১ নম্বর বেলাইচণ্ডী ইউনিয়নের নয়া মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মনোরঞ্জন রায় চকসুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন এবং চিরিরবন্দরের ইসবপুর ইউনিয়নের বাসিন্দা।
নয়া মোল্লাপাড়া গ্রামের স্থানীয় বাসিন্দা মরহুম আজিজুল মাস্টারের বসতবাড়ি সংলগ্ন রাস্তার জায়গা নিয়ে প্রতিবেশী আসাদুজ্জামান (৩২) ও তার সহযোগীদের সঙ্গে আগে থেকেই বিরোধ চলে আসছিল। দুপুরে ওই রাস্তার জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে বিরোধ মীমাংসা ও পরিস্থিতি শান্ত করতে শিক্ষক মনোরঞ্জন মাস্টার ঘটনাস্থলে উপস্থিত হন।
এ সময় আসাদুজ্জামান ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায়। তারা সজনে গাছের ডাল ও লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন। এতে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে মনোরঞ্জন মাস্টার পাশের ধানক্ষেতে লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার পর স্থানীয় বাসিন্দা আল রোমান জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় অভিযুক্ত আসাদুজ্জামানকে আটক করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজন হামলাকারীকে আটক করা হয়েছে। পারিবারিক দ্বন্দ্বের জেরে তাকে হামলা করা হয়েছে।
প্রতিনিধি/এলএ