Dhaka Mail Logo

সারাদেশ

রাজবাড়ীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত

জেলা প্রতিনিধি

২৫ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পিএম

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) সকাল ৭টা ২০ মিনিটের দিকে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ও আফরা এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী বাস চন্দনী বাসস্ট্যান্ড অতিক্রম করার পর বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী পারভেজ খান জানান, চন্দনী বাসস্ট্যান্ড পার হওয়ার পরপরই বাসটির সঙ্গে মোটরসাইকেলটির জোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলচালক গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। নিহত যুবকের কাছে পরিচয় শনাক্তের মতো কোনো কাগজপত্র না থাকায় তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলচালকের মরদেহ উদ্ধার করেছে।

তিনি আরও জানান, নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ জন্য তার মোটরসাইকেলের তথ্য যাচাই করা হচ্ছে। বাসটি আটক ও এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও চলছে।

প্রতিনিধি/এসএস