Dhaka Mail Logo

সারাদেশ

চালুর দুই দিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন

জেলা প্রতিনিধি

২৫ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পিএম

দীর্ঘদিন বন্ধের পর উৎপাদনে ফেরার দুই দিনের মাথায় আবারও বন্ধ হয়ে গেছে জামালপুরের যমুনা সার কারখানা। গ্যাস সরবরাহ বন্ধ হওয়ায় রোববার (২৫ অক্টোবর) ভোর ৫টা থেকে কারখানাটির উৎপাদন বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন কারখানাটির উৎপাদনের বিভাগীয় প্রধান অতিরিক্ত প্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক।

তিনি জানান, দীর্ঘদিন গ্যাস সংকটের কারণে কারখানা বন্ধ থাকার পর পুনরায় গ্যাস পেয়ে গত ৬ অক্টোবর থেকে উৎপাদন শুরু হয়। তবে কারিগরি ত্রুটির কারণে দুই দিনের মাথা ৮ অক্টোবর আবারো উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর গত শুক্রবার কারিগরি ত্রুটি সমাধান করে পুনরায় উৎপাদনে ফেরে। কিন্তু পেট্রোবাংলা ও তিতাস কর্তৃপক্ষ গ্যাস সরবরাহ বন্ধ করে দিলে আবারো উৎপাদন বন্ধ হয়ে যায়। পুরোপুরি উৎপাদনে যেতে না পারলেও গত দুই দিন মোট এক হাজার ৬শ মেট্রিক টন সার উৎপাদন করা হয়েছে।

তিনি আরো জানান, নিরবচ্ছিন্নভাবে সার উৎপাদন স্বাভাবিক রাখতে দৈনিক ৪২ থেকে ৪৩ পিএসআই গ্যাসের প্রয়োজন হয়। কিন্তু চাহিদামত গ্যাস সরবরাহ না থাকায় আজ ভোর ৫টা থেকে কারখানায় সার উৎপাদন বন্ধ করা হয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে আবারও উৎপাদন শুরু হবে জানায় কারখানা কর্তৃপক্ষ।

গ্যাস না থাকা ও বিভিন্ন যান্ত্রিক জটিলাতার কারণে প্রায় দুই বছর বন্ধ থাকে যমুনা সার কারখানা। এই কারখানায় দৈনিক ১২শ থেকে ১৪শ মেট্রিক টন সার উৎপাদনের সক্ষমতা রয়েছে। যমুনা সার কারখানা বিসিআইসির তালিকাভুক্ত এক হাজার ৯শ ডিলারের মাধ্যমে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইলসহ উত্তরবঙ্গের ২১টি জেলায় সার সরবরাহ করে আসছে।

প্রতিনিধি/এমআর