জেলা প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২৬, ০৪:০২ পিএম
ফেনী শহরের জগন্নাথ বাড়ি সড়কে অভিযান চালিয়ে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা মূল্যের ভারতীয় আতশবাজি জব্দ করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় অবৈধ আতশবাজি বিক্রির অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে
শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে জগন্নাথ বাড়ি সড়ক ও আশপাশের কয়েকটি দোকান এবং ফুটপাতে এ অভিযান চালানো হয়। রোববার (২৫ অক্টোবর) দুপুরে পুলিশ সূত্রে এ তথ্য জানা যায়।
আটক ব্যক্তিরা হলেন আইয়ুব নবী (৫৬), দিদারুল আলম (৩৭), তপন চন্দ্র দাস (২২), বাবুল দেব নাথ (৪৪), অপু চন্দ্র দে (৩৭) ও খোকন চন্দ্র দে (৩৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথ বাড়ি সড়কের বিভিন্ন দোকানে অভিযান চালায়। এ সময় তল্লাশি করে ছোট-বড় ১৫ বস্তা ভারতীয় আতশবাজি জব্দ করা হয়। এসব আতশবাজির আনুমানিক বাজারমূল্য ৭ থেকে ৮ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
ফেনী জেলা গোয়েন্দা পুলিশের ওসি জাবেদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ছয়জনকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। রোববার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রতিনিধি/এসএস