জেলা প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২৬, ১২:৪১ পিএম
সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপুজা উৎসব উপলক্ষে ৮ দিন বন্ধ থাকার পর দেশের একমাত্র চারদেশীয় স্থলবন্দর (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভূটান) পঞ্চগড়ের বাংলাবান্ধা দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। এতে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে বন্দর এলাকায়।
রোববার (২৫ অক্টোবর) সকালে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রুপের আহবায়ক মো. রেজাউল করিম শাহিন আমদানি-রফতানি শুরুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় গত ১৭ অক্টোবর থেকে সাপ্তাহিক ছুটিসহ ৮ দিন আমদানি- রফতানি বাণিজ্য বন্ধ রাখেন ব্যবসায়ীরা। আজ সকাল থেকেই আবারও এ বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। এর ফলে ভারত, নেপাল ও ভূটানের বিভিন্ন পণ্যবোঝাই ট্রাক বাংলাবান্ধা স্থলবন্দর প্রবেশ করতে শুরু করেছে।
বাংলাবান্ধা স্থলবন্দরের লিমিটেডের ম্যানেজার মো. আবুল কালাম আজাদ জানান, দুর্গাপূজা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি ৮ দিন বন্ধ ছিল। আজ সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশনের ইনচার্জ কেফায়েতুল্লাহ ওয়ারেস বলেন, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক ছিল।
প্রতিনিধি/টিবি