Dhaka Mail Logo

সারাদেশ

গোপালগঞ্জে ৫০ হাটে জমজমাট লক্ষ্মী প্রতিমার বেচাকেনা

জেলা প্রতিনিধি

২৫ অক্টোবর ২০২৬, ০৮:৩৩ এএম

শারদীয় দুর্গাপূজার পর এবার কোজাগরী লক্ষ্মীপূজার প্রস্তুতিতে ব্যস্ত সনাতন ধর্মাবলম্বীরা। এ উপলক্ষে গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বসেছে অন্তত ৫০টি প্রতিমার হাট। এসব হাটে লক্ষ্মী প্রতিমার পাশাপাশি পূজার নানা উপকরণ কিনতে ভিড় করছেন ক্রেতারা।

শনিবার (২৪ অক্টোবর) সকাল থেকে গোপালগঞ্জ শহরের খাটরা সার্বজনীন কালী বাড়িসহ জেলার বিভিন্ন স্থানে লক্ষ্মী প্রতিমার হাট জমে ওঠে। নিজেদের সাধ্য অনুযায়ী পছন্দের প্রতিমা কিনছেন সনাতন ধর্মাবলম্বীরা।

পঞ্জিকা অনুযায়ী নির্ধারিত তিথিতে কোজাগরী লক্ষ্মীপূজা অনুষ্ঠিত হবে। এ পূজাকে কেন্দ্র করে প্রতিমা ও পূজার উপকরণের হাটগুলোতে বেচাকেনা আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট বিক্রেতারা।

হাটগুলোতে প্রতিটি লক্ষ্মী প্রতিমা বিক্রি হচ্ছে ১০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত। প্রতিমার পাশাপাশি পাওয়া যাচ্ছে শোলার ফুল ও মালা, ছোট নৌকা, কলাগাছ, নলডুগলি লতা, হলুদগাছ ও পদ্মফুলসহ পূজার বিভিন্ন উপকরণ। এসব হাটে কলাগাছ ১০০ টাকা, শোলার মালা ১৫০ টাকা এবং প্রতিটি পদ্মফুল ১০ টাকায় বিক্রি হচ্ছে।

প্রতিমা কিনতে আসা ক্রেতারা জানান, গত বছরের তুলনায় এবার লক্ষ্মী প্রতিমার দাম কিছুটা বেড়েছে। তবে মৃৎশিল্পী ও বিক্রেতাদের দাবি, মাটি, রঙ ও অন্যান্য উপকরণের দাম বাড়ায় প্রতিমা তৈরির খরচও বেড়েছে। ফলে এর প্রভাব পড়েছে বিক্রয়মূল্যে।

প্রতিনিধি/টিবি