Dhaka Mail Logo

সারাদেশ

হবিগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় মাদকদ্রব্যসহ আসামি আটক

জেলা প্রতিনিধি

২৫ অক্টোবর ২০২৬, ০১:৪৭ এএম

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর চিমটিবিল ও সাতছড়ি বিওপির টহলদল কর্তৃক পৃথক অভিযান পরিচালনা করে ৩৯ কেজি ভারতীয় গাঁজা ও ১ বোতল ভারতীয় বিয়ারসহ উজ্জল বাড়াই (৩০) নামে এক আসামি আটক করা হয়েছে। এছাড়া মালিকবিহীন অবস্থায় ৯ কেজি গাঁজা উদ্ধার হয়। জব্দকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা। আটক উজ্জ্বল বাড়াই হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার আমু চা বাগানের পুরান লাইনের মৃত বালক বাড়াইয়ের ছেলে।

শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবির সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ অক্টোবর রাত ১১টায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর চিমটিবিল বিওপি কর্তৃক চুনারুঘাট উপজেলার আমু চা বাগানের ১২ নং সেকশন নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ৩৯ কেজি ভারতীয় গাঁজা ও ১ বোতল ভারতীয় বিয়ারসহ উজ্জ্বল বাড়াই আটক হয়।

অপরদিকে, ২৩ অক্টোবর দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর সাতছড়ি বিওপির টহলদল কর্তৃক চুনারুঘাটের সুন্দরটিলা নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৫ কেজি ভারতীয় গাঁজা ও সন্ধ্যায় সাতছড়ি বিওপির টহলদল কর্তৃক গাঢ়োটিলা নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৪ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে জব্দ করা হয়।

জব্দকৃত মাদকদ্রব্য ও আসামির বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য এজাহার দায়েরপূর্বক চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানায়, সীমান্ত সুরক্ষা, মাদকদ্রব্যের অবৈধ প্রবেশ রোধ এবং চোরাচালান দমনে বিজিবি নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। সীমান্ত এলাকায় টহল কার্যক্রম ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। দেশের নিরাপত্তা, জনস্বাস্থ্য ও অর্থনৈতিক স্বার্থ সুরক্ষায় সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান এবং অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও সীমান্তবর্তী জনগণের সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে চোরাচালানমুক্ত সীমান্ত গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছে কর্তৃপক্ষ।

প্রতিনিধি/এজে