Dhaka Mail Logo

সারাদেশ

কৃষকদের ওপর চড়াও বিএসএফ, লাঠিসোটা নিয়ে স্থানীয়দের ধাওয়া

জেলা প্রতিনিধি

২৪ অক্টোবর ২০২৬, ১০:১৫ পিএম

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বাংলাদেশিরা লাঠিসোটা নিয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া দেয়। এসময় বিএসএফের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার বিকেলে বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তের ৮৩৭/৪-এস পিলারের কাছাকাছি এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, বিএসএফ সদস্যরা সীমান্তের বাংলাদেশ অংশে প্রায় ১০০ গজ ভেতরে প্রবেশ করে কৃষকদের মারধরের চেষ্টা করেন। পরে স্থানীয় বাংলাদেশিরা একত্রিত হয়ে লাঠিসোটা নিয়ে বিএসএফ সদস্যদের প্রতিরোধ করেন এবং তাদের ধাওয়া দেন। এসময় বিএসএফের পক্ষ থেকে সাউন্ড গ্রেনেত নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে।

এর আগে গত ২০ অক্টোবর পাটগ্রাম উপজেলার তিনবিঘা করিডোর দিয়ে পারাপারের সময় বাংলাদেশি এক ভ্যানচালককে মারধর করেন এক বিএসএফ সদস্য। তবে পর দিন (২১ অক্টোবর) এ বিষয়ে ভারতীয় বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশের মধ্যে পতাকা বৈঠক হয়। এ সময় বিএসএফের এমন কর্মকাণ্ডের প্রতিবাদ জানালে এমন ঘটনা আর ঘটবে না বলে ক্ষমা চান বিএসএফ সদস্যরা। 

এ বিষয়ে ৬১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহিনুল ইসলান জানান, গত ২০ অক্টোবর পাটগ্রাম উপজেলার তিনবিঘা করিডোর দিয়ে পারাপারের সময় বাংলাদেশি এক ভ্যানচালককে মারধরের  ঘটনায় পতাকা বৈঠকের মাধ্যমে- এমন ঘটনা আর ঘটবে না বলে দুঃখ প্রকাশ করেছেন বিএসএফ সদস্যরা। তবে আজ শনিবার বিকেলে পাটগ্রাম উপজেলার  বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তে বিএসএফ ও বাংলাদেশি গ্রামবাসীদের মধ্যে সৃষ্ট ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদপত্র পাঠানো হয়েছে।

প্রতিনিধি/এলএ