জেলা প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২৬, ১০:০১ পিএম
পঞ্চমবারের মতো প্রকাশ্যে গণনা করা হয়েছে হজরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্সের টাকা। প্রায় সাড়ে ৭ ঘণ্টা গণনা শেষে মাজারের দানবাক্সে ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ নগদ টাকা, বিভিন্ন দেশের মুদ্রা এবং ১ ভরি সাড়ে ৮ আনা সোনা পাওয়া গেছে। এ ছাড়া দান হিসেবে পাওয়া গেছে ৩১০টি ছাগল।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় দানবাক্সগুলো ও ঐতিহাসিক পিতলের তিনটি ডেগের দানের টাকা একত্র করে গণনা শুরু হয়। মাজারের আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত উচ্চ কমিটির সদস্য ও প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে টাকা গণনায় অংশ নেন দরগাহ মাদরাসার শিক্ষার্থীরা।
গণনা শেষে সন্ধ্যার পর প্রাপ্তির হিসাব ঘোষণা করেন মাজারের আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত উচ্চ কমিটির সদস্যসচিব ও জেলা প্রশাসক আবদুল আল মামুন।
তিনি জানান, দানের টাকা গণনায় নগদ ৮৮ লাখ ৬৫ হাজার ৮০৪ নগদ টাকা এবং ১ ভরি সাড়ে ৮ আনা সোনা পাওয়া গেছে। এ ছাড়া ব্রিটেনের ১৪ পাউন্ড, ভারতের ৭ হাজার ৬৪৭ রুপি, ১৩ দশমিক ৫০ ওমানি রিয়াল, ৯৩ সৌদি রিয়াল, ১৭ কাতার রিয়াল, ৬৫ সংযুক্ত আরব আমিরাতের দিহরাম, ১০০ বাহরাইনি দিনার, ২৯ মার্কিন ডলার এবং ৭ ইউরো ৩৩ সেন্ট পাওয়া গেছে।
গত ৩৫ দিনে দরগাহ মাজারে ৩১০টি ছাগল দান হিসেবে পাওয়া গেছে। এর মধ্যে ২১০টি লঙ্গরখানায় রান্না করে খাওয়ানো হয়েছে, ২৭টি দিয়ে শিন্নি রান্না করে সবার মাঝে বিতরণ হয়েছে। আর ৪৮টি ছাগল খাদেমদের দেওয়া হয়েছে।
মাজারের আয়-ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সংসদ সদস্য এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের উদ্যোগে গত ২৬ জুন সিলেট সার্কিট হাউজে এক জরুরি বৈঠক হয়। সভায় মাজারের পরিচালনা ও আর্থিক ব্যবস্থাপনায় স্থায়ী স্বচ্ছতা আনতে ১৩ সদস্যের একটি কমিটি গঠন করা হয়।
প্রতিনিধি/এলএ