Dhaka Mail Logo

সারাদেশ

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন সময়ের দাবি: টিআইবি নির্বাহী

জেলা প্রতিনিধি

২৪ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পিএম

‘সাংবাদিকদের পেশাগত নিরাপত্তাসহ যাবতীয় সমস্যা সমাধানে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা জরুরি’ বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

শনিবার (২৪ অক্টোবর) বিকেলে রংপুরের আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে আয়োজিত ‘দুর্নীতিবিরোধী অনুসন্ধানী প্রতিবেদন ও ডেটা সাংবাদিকতা’ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও রংপুর ডিভিশন রিপোর্টার্স ফোরাম (আরডিআরএফ) যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে।

ড. ইফতেখারুজ্জামান বলেন, এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধানী সাংবাদিকতাকে আরও শক্তিশালী করবে। এর মাধ্যমে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সাংবাদিকরা আরও বেশি দক্ষতা ও কার্যকর ভূমিকা নিয়ে কাজ করতে পারবেন।

এ সময় তিনি সাংবাদিকদের পেশাগত সুরক্ষা ও প্রাতিষ্ঠানিক অধিকার নিশ্চিত করতে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের ওপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে রংপুর ডিভিশন রিপোর্টার্স ফোরামের (আরডিআরএফ) সাধারণ সম্পাদক আপেল শাহরিয়ার বলেন, সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন ও অনুসন্ধানী সাংবাদিকতার প্রসারে টিআইবির এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। দুর্নীতির চিত্র তুলে ধরা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় তথ্যনির্ভর সাংবাদিকতার বিকল্প নেই।

ভবিষ্যতেও রংপুর অঞ্চলের সাংবাদিকদের মানোন্নয়নে টিআইবির এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দিনব্যাপী এই কর্মশালায় রংপুর বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত সাংবাদিকেরা অংশ নেন। এতে দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন তৈরি, তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং ডেটা সাংবাদিকতার বিভিন্ন কৌশল ও প্রায়োগিক দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

অংশগ্রহণকারী সাংবাদিকরা এ ধরনের আয়োজনকে সময়োপযোগী ও পেশাগত মানোন্নয়নে অত্যন্ত সহায়ক বলে উল্লেখ করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। 

প্রতিনিধি/এলএ