জেলা প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পিএম
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা ও পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামীর সাবেক সংসদ সদস্য মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিক পশারীর লাশ চার ঘণ্টা পরে গোপনে ‘গার্ড অব অনার’ দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করেছে প্রশাসন। তবে লাশটি দাফনে বাধা দিচ্ছে স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টায় মানিক পশারীর লাশ পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্বরে এলে ‘গার্ড অব অনার’ দিতে এবং পিরোজপুরে কবর দিতে বাধা দেন জামায়াতের নেতৃবৃন্দ। পরে বিকেল ৫টার দিকে পুলিশ লাইনসের ভেতরে গোপনে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়।
মানিক পশারী (৮৭) পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের চিতলিয়া গ্রামের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা। তিনি মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার বাদী ছিলেন।
পরিবার জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পরে মানিক পশারী পলাতক ছিলেন। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া এলাকায় মেয়ে জামাইয়ের কাছে আশ্রয় নিয়েছিলেন। গত দুই মাস ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। আজ সকাল ১০টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মৃত্যুবরণ করেন। তিনি একজন গেজেটেড মুক্তিযোদ্ধা।
মানিক পশারীর মেয়ে জামাই ফারুক হোসেন জানান, সকাল ১০টায় উনি মারা গেছেন। দুপুর ১২টায় আমরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এলে উনি আমাদের গার্ড অব অনারের কথা বলে বিকেল ৫টা পর্যন্ত দাঁড় করিয়ে রাখেন।
তিনি আরও বলেন, ‘আমার শ্বশুর একজন গেজেটেড মুক্তিযোদ্ধা ছিলেন। একটি সাধারণ অ্যাম্বুলেন্সে কোনো বরফ, চা পাতা ছাড়া ৪ থেকে ৫ ঘণ্টা পরে গোপনে কোনোমতে গার্ড অব অনার দেওয়া হয়েছে। আমরা কীভাবে লাশ দাফন করব, তার কোনো দায়িত্ব নেননি ইউএনও। লাশ দাফন নিয়ে আমরা খুবই চিন্তিত।’
পিরোজপুর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক জানান, মানিক পশারী একজন ভুয়া মুক্তিযোদ্ধা। তাকে কোনোভাবেই গার্ড অনার দিতে দেওয়া অন্যায়। পিরোজপুরের মাটিতে মানিক পশরীর লাশ দাফন করতে দেওয়া হবে না।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. শরিফুল ইসলাম বলেন, মানিক পশারীকে গার্ড অব অনার দেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পিরোজপুর সদর উপজেলা নির্বাচন অফিসার মো. ইফতেখারুল ইসলাম শামীম বলেন, রাষ্ট্রীয় মর্যাদায় মানিক পশারীর লাশ গার্ড অব অনার দেওয়া হয়েছে।
প্রতিনিধি/এএইচ