জেলা প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২৬, ০৮:২৫ পিএম
পার্বত্য চট্টগ্রামে সাম্প্রতিক সময়ে উদ্ভূত সাজেক সমস্যার দ্রুত সমাধান চেয়েছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি ও ২৯৮ নম্বর খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া।
তিনি বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষকে অর্থনৈতিকভাবে সাবলম্বী করতে ট্যুরিজম ছাড়া আর কিছুই নেই। এখানে কোনো ইন্ডাস্ট্রি নেই। কোনো একটা সেক্টর নেই যে এ অঞ্চলের মানুষকে একটু রিচ (ধনী) করবেন, অর্থনৈতিকভাবে সাবলম্বী করবেন। আছে শুধু ছোট একটা অংশ, তা হলো ট্যুরিজম। যেটা নেপালের প্রধান আয়ের উৎস। নেপাল আজ যতটুকু সাবলম্বী হয়েছে, তা ট্যুরিজমের বদৌলতে। পাহাড় একমাত্র ট্যুরিজমের জন্য সুন্দর জায়গা।
শনিবার (২৪ অক্টোবর) বিকালে রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাইনি হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় ওয়াদুদ ভূঁইয়া বলেন, সাজেকে সাম্প্রতিককালে যে সমস্যা চলছে, এটা সমস্যা যেন শান্ত থাকে। এটি যেন আর বড় না হয়, সকলের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি হয়; যেজন্য আমরা সকলে কাজ করব। তাই আমি এমপি দীপেন দেওয়ান, সন্তু বাবু (আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমা) ও ইউপিডিএফসহ যারা আছেন সকলকে অনুরোধ করব, যাদের সঙ্গে ভুল বোঝাবুঝি হচ্ছে তাদের সঙ্গে সবাই মিলে আলোচনা করে দ্রুত এর সমাধান করা দরকার।
বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাবেক উপদেষ্টা প্রয়াত সুবিমল দেওয়ানের নামানুসারে 'সুবিমল দেওয়ান স্মৃতি ফাউন্ডেশন'র আত্মপ্রকাশ অনুষ্ঠান উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে ফাউন্ডেশনের সভাপতি মৈত্রী চাকমার সভাপতিত্বে উদ্বোধক ছিলেন- সুবিমল দেওয়ানের ছেলে ও রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান।
বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ সেনাবাহিনীর রাঙামাটির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ আরও অনেকে।
আলোচনা সভা শেষে কৃতী নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া রাঙামাটির প্রয়াত সাংবাদিক একেএম মকছুদ আহমদকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়। পরে সুবিমল দেওয়ান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত শিশু-কিশোরদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
প্রতিনিধি/এলএ