জেলা প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পিএম
গাইবান্ধার সাঘাটা উপজেলায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের ঘটনায় সুমন মিয়া (১৯) নামের এক কাঁকড়া গাড়ির চালককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত পাইপ ধ্বংস এবং বালু পরিবহনের কাজে ব্যবহৃত কাঁকড়া গাড়ির ব্যাটারি জব্দ করা হয়।
শনিবার (২৪ অক্টোবর) উপজেলার কচুয়া ইউনিয়নের আখকচুয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত সুমন মিয়া উপজেলার কচুয়া বাজার এলাকার শফিকুল ইসলামের ছেলে।
স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, আখকচুয়া এলাকায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে কাঁকড়া গাড়িতে বোঝাই করা হচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করেন সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রী রতন কুমার দত্ত।
অভিযানকালে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহনের সঙ্গে জড়িত থাকার ঘটনায় কাঁকড়া গাড়ির চালক সুমনকে আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সাঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রী রতন কুমার দত্ত বলেন, ওই সময় অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত পাইপ ধ্বংস করা হয়। পাশাপাশি বালু পরিবহনে ব্যবহৃত কাঁকড়া গাড়ির ব্যাটারি জব্দ করা হয়।
প্রতিনিধি/ এজে