Dhaka Mail Logo

সারাদেশ

‘বিএনপি থেকে বহিষ্কৃতরাই চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত’

জেলা প্রতিনিধি

২৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পিএম

দুর্বৃত্তায়নের দায়ে যাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে, তারা এখনো বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর ছোট ভাই ফেনীর দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন। 

আতঙ্ক ছড়িয়ে যারা জনগণের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়, সে ধরনের অপশক্তি থেকে সতর্ক থাকতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে ফেনীর দাগনভূঞার কেরোনীয়া গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বিএনপি নেতা আবুল কালামের পুড়ে যাওয়া ঘর পুনর্নির্মাণের ব্যক্তিগত আর্থিক সহযোগিতা প্রদানকালে তিনি এসব কথা বলেন।

আবুল কালাম দীর্ঘদিন ধরে দাগনভূঞার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

S 

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর রাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে তার বসতঘরটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার খবর পেয়ে পরিবেশমন্ত্রী ও ফেনী-৩ আসনের সংসদ সদস্য আবদুল আউয়াল মিন্টু এবং উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনসহ দলীয় নেতাকর্মীরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন।

সহযোগিতা হস্তান্তরের সময় আকবর হোসেন নেতাকর্মীদের সতর্ক করে বলেন, ‘এমন কোনো কর্মকাণ্ডে জড়ানো যাবে না, যার কারণে সাধারণ জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নেয়। দলের ভাবমূর্তি রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি সুস্পষ্ট ঘোষণা দিয়ে বলেন, মেয়র, কাউন্সিলর, চেয়ারম্যান ও মেম্বার পদে দল থেকে একক প্রার্থীকে সমর্থন দেওয়া হবে। অতীতের সব ক্ষোভ-অভিমান ভুলে আসন্ন নির্বাচনে দলের মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। একইসঙ্গে দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন এই বিএনপি নেতা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহিনা আকবর, যুবদল নেতা ও পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক চেয়ারম্যান নিজাম উদ্দিন ভূঁঞা হুদন, ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার কামাল উদ্দিন, যুবদল নেতা ইসমাইল হোসেন সবুজ, স্বেচ্ছাসেবক দল নেতা মঞ্জুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এএইচ