Dhaka Mail Logo

সারাদেশ

খুলনায় যুবদল সভাপতি গুলিবিদ্ধ

জেলা প্রতিনিধি

২৪ অক্টোবর ২০২৬, ০১:১৫ পিএম

খুলনার তেরখাদায় মো. রামীম বিশ্বাস (৩২) নামে এক যুবদল নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুলি তার পাঁজরে বিদ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বেলা ১১টা ১০ মিনিটের দিকে উপজেলার মধুপুর ইউনিয়নের পারহাজীগ্রামে সেনেরবাজার-মধুপুর সড়কে খান ব্রিকসের কাছে এ ঘটনা ঘটে।

খুলনা অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত রামীম বিশ্বাস তেরখাদা উপজেলার ৬ নম্বর মধুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। তিনি পারহাজীগ্রামের বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ঘটনার সময় রামীম পারহাজীগ্রামে আয়নাল মোল্লার বাড়ির সামনে একটি ভ্যানে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পেছন থেকে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার পাঁজরে গুলি লাগে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। খবর পেয়ে তেরখাদা থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আলামত সংগ্রহ করে।

খুলনা অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র জানান, জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় পুলিশের নজরদারি জোরদার করা হয়েছে।

প্রতিনিধি/টিবি