Dhaka Mail Logo

সারাদেশ

বরিশালে যুবদল কর্মীকে ঘরে ঢুকে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি

২৪ অক্টোবর ২০২৬, ১২:৩০ পিএম

বরিশালের উজিরপুরে কাওসার হাওলাদার (৩৭) নামে এক যুবদল কর্মীকে ঘরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রাশেদ আমিন নামে আরেক যুবদল কর্মী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাতলা ইউনিয়নের পশ্চিম সাতলা এলাকার এক ব্রিজের কাছে এ ঘটনা ঘটে।

শনিবার (২৪ অক্টোবর) উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।

কাওসার সাতলার আলামদী গ্রামের মোনাসেফ হাওলাদারের ছেলে। তিনি পেশায় ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। হামলায় রাশেদ আমিনও গুরুতর আহত হয়েছেন। তিনি সাবেক প্রবাসী বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, কাওসার হাওলাদার, রাশেদ আমিনসহ কয়েকজন যুবদল কর্মী উজিরপুর-কোটালীপাড়া সীমান্তবর্তী পশ্চিম সাতলা এলাকার একটি ব্রিজের ওপর দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় মাইক্রোবাসে করে একদল সশস্ত্র ব্যক্তি সেখানে গিয়ে তাদের ওপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে কাওসার ও রাশেদ ব্রিজের নিচে পানিতে লাফ দিয়ে পাশের হাবিব হাওলাদারের বাড়িতে আশ্রয় নেন। পরে হামলাকারীরা ওই বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে কাওসারকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ ও স্থানীয়দের ধারণা, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে কাওসারকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিজ দলের নেতা-কর্মীদের দিকে সন্দেহের তীর রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

উজিরপুর মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ শুরু করেছে।

প্রতিনিধি/টিবি