Dhaka Mail Logo

সারাদেশ

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা, যুবক আটক

জেলা প্রতিনিধি

২৪ অক্টোবর ২০২৬, ১০:২৮ এএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকরাম সরকার (২২) নামে এক যুবককে বাড়িতে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় মারুফ বিন হাবিব (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গয়হাট্টা কোনাগাঁতী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবিদুল রহমান এতথ্য নিশ্চিত করেছেন।

আকরাম সরকার ওই গ্রামের উত্তরপাড়া মহল্লার রহিম সরকারের ছেলে।

আটক মারুফ বিন হাবিব একই গ্রামের নূর মোহাম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মারুফ বিন হাবিব সন্ধ্যার দিকে আকরামকে তার বাড়িতে ডেকে নেয়। এ সময় তার ঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে আকরামকে কুপিয়ে হত্যা করে মরদেহটি বাড়ির আঙিনায় ফেলে রাখে। এ ঘটনার এক দুই ঘণ্টা পর প্রতিবেশীরা বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে ও ঘাতক মারুফ বিন হাবিবকে আটক করে থানায় নিয়ে যায়।

 

উল্লাপাড়া মডেল থানার এসআই আবিদুল রহমান জানান, এ ঘটনায় মারুফ বিন হাবিব নামে একজনকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। সেই সঙ্গে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো ও মামলার প্রস্তুতি চলছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড সেটা এখনো জানা যায়নি।

প্রতিনিধি/টিবি