Dhaka Mail Logo

সারাদেশ

বগুড়া জেলা কারাগারে যুবলীগ নেতার মৃত্যু

জেলা প্রতিনিধি

২৪ অক্টোবর ২০২৬, ১০:০৪ এএম

বগুড়া জেলা কারাগারে ধুনট পৌর যুবলীগের সাবেক সভাপতি সোহরাব হোসেনের (৪৪) মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে অসুস্থ হয়ে পড়ার পর তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বগুড়া কারাগারের জেল সুপার আসাদুর রহমান।

সোহরাব হোসেন ধুনট পৌরসভার সদরপাড়া গ্রামের মৃত রহম আলী হাজীর ছেলে। বিস্ফোরকসহ একাধিক মামলায় গত তিন-চার মাস ধরে তিনি কারাগারে বন্দি ছিলেন।

জেল সুপার আসাদুর রহমান জানান, শুক্রবার সোহরাব হোসেন হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাকে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোহরাব হোসেনের বড় ভাই শহিদুল ইসলাম বলেন, কারা কর্তৃপক্ষ তাদের জানিয়েছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার ভাইয়ের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শুক্রবার দুপুরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে বাদ আসর ধুনটের চর ধুনট এলাকার জান্নাতুল ফেরদৌস কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

প্রতিনিধি/টিবি