Dhaka Mail Logo

সারাদেশ

সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি, খাগড়াছড়িতে বিক্ষোভ

জেলা প্রতিনিধি

২৩ অক্টোবর ২০২৬, ০৯:০৫ পিএম

খাগড়াছড়িতে সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার, পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং সাজেক পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের উদ্যোগে এ মিছিল হয়। এতে স্থানীয় লোকজনও অংশগ্রহণ করে।

খাগড়াছড়ি গেইট থেকে মিছিল করে শাপলা চত্বরে গিয়ে শেষ হয়। পরে প্রতিবাদ সমাবেশ হয়।

সমাবেশে পার্বত্য যানবাহন সমিতির সভাপতি আইয়ূশ চাকমার সভাপতিত্বে দেন বক্তব্য দেন পরিবহন নেতা জসিম উদ্দিন, উজ্জ্বল দে, মোহাম্মদ আসাদ মাসুম ও ওমর ফারুক কুসুম।

বক্তারা বলেন, সাজেকে পর্যটকদের যাতায়াত বন্ধ থাকায় পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী ও পরিবহন খাতের মানুষজন আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তাই পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যানবাহন চলাচল স্বাভাবিক করার দাবি জানান তারা।

একই সঙ্গে পাহাড়ে চাঁদাবাজি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ারও দাবি জানান বক্তারা। তারা অবিলম্বে অবরোধ প্রত্যাহারের জন্য ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন। অন্যথায় কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

প্রতিনিধি/এলএ