Dhaka Mail Logo

সারাদেশ

নদীর ঘাটে নৌকা মেরামত করছিলেন বাবা, দেখতে গিয়ে ‘ধর্ষণের শিকার’ শিশু

জেলা প্রতিনিধি

২৩ অক্টোবর ২০২৬, ০৭:০০ পিএম

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. করিম সিকদার (৫৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে শিশুটির পরিবারের পক্ষ থেকে ভাণ্ডারিয়া থানায় মামলাটি করা হয়। 

অভিযুক্ত করিম সিকদার উপজেলার ৩ নম্বর তেলিখালী ইউনিয়নের দক্ষিণ তেলিখালী এলাকার বাসিন্দা।

বিষয়টি শুক্রবার (২৩ অক্টোবর) নিশ্চিত করেছেন ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান।

মামলার এজাহার ও স্বজনদের সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর দুপুরে শিশুটি তার বাবার সাথে বাড়ির পাশে নদীর ঘাটে নৌকা মেরামতের কাজ দেখতে যায়। সেখানে শিশুটিকে বসিয়ে রেখে তার বাবা নৌকা মেরামতের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আনতে বাড়িতে যান। এই সুযোগে অভিযুক্ত করিম সিকদার শিশুটির মুখ চেপে ধরে পাশে থাকা একটি ধৈঞ্চা বনে নিয়ে তাকে ধর্ষণ করেন।

পরবর্তীকালে বাবা ফিরে এসে শিশুটিকে না দেখতে পেয়ে সেখানে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে ধৈঞ্চা বন থেকে অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় শিশুটির শরীরে কামড়ের দাগ দেখতে পান পরিবারের সদস্যরা।

পরে তাৎক্ষণিকভাবে শিশুটিকে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়। পিরোজপুর জেলা হাসপাতালে চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে শিশুটির পরিবার ভাণ্ডারিয়া থানায় হাজির হয়ে মামলা করেন।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের অভিযোগে থানায় একটি ধর্ষণ মামলা করা হয়েছে। অভিযুক্ত করিম সিকদারকে গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রতিনিধি/এলএ