জেলা প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫৮ পিএম
নওগাঁর মান্দায় অটোরিকশায় মাইকিং করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দেওয়ার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার কাশোপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এছাড়া মাইকিংয়ের কাজে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করেছে পুলিশ।
গ্রেফতাররা হলেন- উপজেলার কাশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এবং রাঙ্গামাটিয়া গ্রামের শহিদুল ইসলাম শহীদ এবং মান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও নবগ্রাম তালবোনার আব্দুল জলিল (৫০)।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কালিকাপুর ইউনিয়নে বৃহস্পতিবার (২২ অক্টোবর) শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আসছেন বলে কয়েকজন ফাঁকা মাঠে মাইকিং করেন। পরে মাইকিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি চলমান ব্যাটারিচালিত অটোরিকশায় এক যুবক মাইক লাগিয়ে প্রকাশ্যে এই প্রচারণা চালাচ্ছে। মাইকিংয়ের শুরুতে মান্দা উপজেলাবাসীকে আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্ম ও জাতির ভাইদের আদাব ও শুভেচ্ছা জানানো হয়।
এরপর প্রচারণায় দাবি করা হয়, আওয়ামী লীগের সভাপতি ও পাঁচবারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশের মাটিতে পদার্পণ করবেন। এ সময় দলমত নির্বিশেষে তাকে স্বাগত জানানোর আহ্বান জানিয়ে 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগান দিয়ে মাইকিং শেষ করে তারা।
মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, বিষয়টি আমাদের নজরে এলে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। গ্রেফতার দুইজন আমাদের কাছে এই ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
প্রতিনিধি/এলএ