জেলা প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পিএম
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে শিশু-কিশোরদের চোরাই সাইকেল ক্রয়-বিক্রয়ের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় অভিযুক্তদের কাছে তল্লাশি চালিয়ে ৪২টি চোরাই সাইকেল ও দুটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।
উদ্ধার করা সাইকেলগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১২টার টঙ্গীবাড়ী থানায় আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান টঙ্গীবাড়ি-সিরাজদিখান সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন।
তিনি জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে মুন্সিগঞ্জসহ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে শিশু-কিশোরদের ব্যবহৃত চোরাই সাইকেল সংগ্রহ করে ক্রয়-বিক্রয় করে আসছিল। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়নের বাজার এলাকায় অভিযান চালায় পুলিশ।
এ সময় গ্রেফতার শাহজাহান মুন্সী ও মো. শামীম শেখের ভাড়া নেওয়া গোডাউনে তল্লাশি চালিয়ে ৩৩টি মাঝারি আকারের ও ৯টি ছোট আকারের শিশুদের সাইকেল উদ্ধার করা হয়। এ ছাড়া দুটি ব্যাটারিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- মো. শাহজাহান ওরফে শাহজাহান মুন্সী (৬৫) এবং মো. শামীম শেখ (২৮)। তারা দুজনই মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নের বিলের পাড় সানবাড়ী এলাকার বাসিন্দা।
প্রতিনিধি/এলএ