জেলা প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পিএম
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, প্রচার-প্রচারণায় বাধা ও দলীয় ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন।
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে দেলাওয়ার হোসেন বলেন, সদর উপজেলাসহ নির্বাচনি এলাকার বিভিন্ন স্থানে প্রচার-প্রচারণা চালাতে গিয়ে তিনি বাধার সম্মুখীন হয়েছেন। এ সময় বিএনপির যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা বাধা দিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, নির্বাচনি এলাকার বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর ফেস্টুন ও ব্যানার প্রকাশ্যে ছিঁড়ে ফেলা হচ্ছে। পাশাপাশি দলীয় কর্মীদের প্রচার-প্রচারণায় অংশ নিতে হুমকি দেওয়া হচ্ছে। এসব বিষয়ে নির্বাচন কমিশন ও জেলার রিটার্নিং কর্মকর্তার কাছে একাধিকবার সুনির্দিষ্ট অভিযোগ দেওয়া হলেও এখন পর্যন্ত কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, ঠাকুরগাঁওয়ে অতীতের মাগুরা মার্কা নির্বাচনের মতো আরেকটি নির্বাচন হলে তা সাধারণ ভোটাররা কখনোই মেনে নেবেন না।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারি আব্দুল হালিম, ঠাকুরগাঁও জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, জেলা সেক্রেটারি আলমগীর হোসেনসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/ এজে