Dhaka Mail Logo

সারাদেশ

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২০ জেলের কারাদণ্ড

জেলা প্রতিনিধি

২৩ অক্টোবর ২০২৬, ০২:৩৪ পিএম

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে ২০ জেলেকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানাও করা হয়েছে। এ সময় ৩০ কেজি ইলিশ, ৩৫ হাজার মিটার কারেন্ট জাল ও তিনটি ইঞ্জিনচালিত কাঠের মাছ ধরার নৌকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত জেলা টাস্ক ফোর্সের আওতায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা।

কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন শুক্কুর শেখ (২৫), মফিজ গাজী (৬০), সাব্বির গাজী (১৮), ফরহাদ গাজী (১৯), হাবিব খান (২০), তোফাজ্জল হোসেন (৫৫), সিয়াম পাটওয়ারী (২২), আলমগীর হাওলাদার (২৫), শহীদ গাজী (২৬), মো. আব্বাস (৪০), রিপন মিয়াজী (২০), মো. মাসুদ (৪১), নুর মোহাম্মদ (৩৫), দেলু সরদার (৪৫), মো. শাকিল (১৯), কালু খান (৩০), মো. হাবিব (৩৫), মো. হাবিব খান (৪০), মো. বারেক (২৮) ও মো. রবিউল ইসলাম (১৯)। তাঁদের বাড়ি চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

35116e02-aa7f-49ae-bc65-e4ab300cedbc

অভিযানে অংশ নেওয়া সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, অভিযানে ২০ জেলেকে আটক করা হয়। এ সময় ৩০ কেজি ইলিশ, ৩৫ হাজার মিটার কারেন্ট জাল ও তিনটি ইঞ্জিনচালিত কাঠের মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে।

তিনি জানান, আটক জেলেদের মধ্যে ১৩ জনকে ১০ দিন করে এবং সাতজনকে ১৫ দিন করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া প্রত্যেকের কাছ থেকে এক হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জব্দ করা ইলিশ এতিমখানা ও দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে। নৌকাগুলো কোস্ট গার্ডের হেফাজতে রাখা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দ করা কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

প্রতিনিধি/এসএস