Dhaka Mail Logo

সারাদেশ

কক্সবাজারে ১৮ হাজার ৭৫০ ইয়াবাসহ গ্রেফতার ১

জেলা প্রতিনিধি

২৩ অক্টোবর ২০২৬, ০১:০৩ পিএম

কক্সবাজারের ঈদগাঁওয়ে অভিযান চালিয়ে ১৮ হাজার ৭৫০টি ইয়াবা বড়িসহ জামাল উদ্দিন (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, দুটি মুঠোফোন ও দুটি সিম কার্ড জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল ৪টা ১০ মিনিটের দিকে ঈদগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে আলমাছিয়া মাদরাসার পাশে শাকিল ট্রেডিংয়ের সামনে এ অভিযান চালানো হয়।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক।

এসআরবি-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি দল জানতে পারে, একটি পিকআপ ভ্যানে করে ইয়াবার বড় চালান পাচার করা হচ্ছে। পরে ঈদগাঁও বাজারের আলমাছিয়া মাদরাসা-সংলগ্ন এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়।

এ সময় একটি পিকআপ ভ্যানে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১৮ হাজার ৭৫০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পিকআপটির চালক জামাল উদ্দিনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জামাল উদ্দিন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া গ্রামের জসিম উদ্দিন ও রোজিনা আকতারের ছেলে।

এসআরবি-১৫ জানায়, উদ্ধার করা ইয়াবা, জব্দ করা পিকআপ ভ্যান, মুঠোফোন ও সিম কার্ডসহ গ্রেফতার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এসএস