Dhaka Mail Logo

সারাদেশ

মাদক ও অপকর্মে জড়ালে বিএনপিতে স্থান নেই: পানিসম্পদমন্ত্রী

জেলা প্রতিনিধি

২৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ এএম

কোনো নেতা মাদক, নারীঘটিত কর্মকাণ্ড ও অন্যান্য অপকর্মে জড়ালে বিএনপিতে তার স্থান হবে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চরশাহী ইউনিয়নের তিতারকান্দি ফাজিল মাদরাসা মাঠে মহিলা দলের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপির রাজনীতিতে মাদক, নারীঘটিত কর্মকাণ্ড ও অন্য কোনো অপকর্মের সুযোগ থাকবে না। লক্ষ্মীপুরের রাজনীতিতেও এসব কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।

যুবদলের নেতৃত্ব প্রসঙ্গে তিনি বলেন, ভালো লোকদের যুবদলের নেতৃত্বে আনা হবে। কেউ যুবদলের নেতা পরিচয়ে লোহালক্কড় নিয়ে চলাফেরা বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। লক্ষ্মীপুরে এ ধরনের রাজনীতি চলতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, কেউ অপকর্মে জড়িয়ে আওয়ামী লীগের সাবেক নেতাকর্মীদের সঙ্গে থেকে অবৈধভাবে অর্থ উপার্জন বা অনিয়ম করার চেষ্টা করলে বিএনপির রাজনীতিতে তার কোনো সুযোগ থাকবে না।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএনপি নেতা আবুল হাশেম, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন এবং জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ারসহ স্থানীয় নেতারা।

প্রতিনিধি/এসএস