Dhaka Mail Logo

সারাদেশ

নির্বাচনী বিরোধে মুন্সীগঞ্জে গুলি-ককটেল হামলা, যুবকের তিন আঙুল বিচ্ছিন

জেলা প্রতিনিধি

২২ অক্টোবর ২০২৬, ১১:৩৭ পিএম

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে মুন্সীগঞ্জে গুলি ও ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে প্রাণ বাঁচাতে পালানোর সময় ককটেলের আঘাতে সাইফুল হাওলাদার (২১) নামের এক যুবকের ডান হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়েছে। এ ছাড়া গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আবু সাঈদ সৈয়াল (৬৫) নামের এক বৃদ্ধ। একই ঘটনায় মারধরের শিকার হয়ে আহত হয়েছেন হৃদয় (২২) নামের আরেক যুবক।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর ৪টার দিকে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের পূর্ব মাকাহাটি গ্রামে এ ঘটনা ঘটে। আহত সাইফুল ও আবু সাঈদকে উদ্ধার করে ঢাকায় নেওয়া হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে হামলায় জড়িত থাকার অভিযোগে মিল্টন মল্লিক, মুন্না ও আল-আমিন নামের তিনজনকে আটক করা হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালী রহিম আলী মোল্লা ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আওলাদ হোসেন মোল্লার কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল। এর জেরে বুধবার গভীর রাতে রহিম আলী মোল্লার সমর্থক মিল্টন মল্লিকের নেতৃত্বে একদল লোক আওলাদ হোসেন মোল্লার কর্মী-সমর্থকদের বাড়িঘরে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: ‘চাঁদা না দেওয়ায়’ হামলা, সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীসহ আহত ৬

এ সময় এলোপাতাড়ি গুলিবর্ষণ ও একের পর এক ককটেল বিস্ফোরণে পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, হামলাকারীরা একটি মসজিদেও ককটেল বিস্ফোরণ ঘটায়।

ভুক্তভোগীদের অভিযোগ, বিএনপি নেতা রহিম আলী মোল্লার সমর্থক মিল্টন মল্লিক বহিরাগত সন্ত্রাসী ভাড়া করে এ হামলার নেতৃত্ব দেন।

সাইফুল হাওলাদারের মা পেয়ার বেগম বলেন, ‘রাত ৪টার দিকে রহিম মোল্লার সমর্থক মিল্টন মল্লিক তার দলবল নিয়ে আমার ছোট ছেলের বসতবাড়িতে হামলা চালায়। তারা এলোপাতাড়ি গুলি ছোড়ে এবং মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটায়। ভয়ে আমার ছেলে পালাতে গেলে তার দিকে ককটেল ছুড়ে মারা হয়। সেই ককটেলের আঘাত থেকে প্রাণ বাঁচাতে গিয়ে আমার ছেলের ডান হাতের তিনটি আঙুল উড়ে যায়।’

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তসলিম উদ্দিন ঢাকা মেইলকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তী সহিংসতা এড়াতে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে।