জেলা প্রতিনিধি
২২ অক্টোবর ২০২৬, ১০:৪২ পিএম
মুন্সিগঞ্জের চরাঞ্চলে অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক, এক রাউন্ড শর্টগানের গুলি, ২০০ ইয়াবা ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ ঘটনায় ইয়াসিন সরদার (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে আগে থেকেই পাঁচটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার খাসকান্দি এলাকায় ইয়াসিন সরদারের বসতবাড়িতে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, জেলা গোয়েন্দা শাখার (এসআই) রাশেদ মুন্সির নেতৃত্বে ডিবির অন্য সদস্যরা গোপন সংবাদে অভিযানটি পরিচালনা করেন।
বিজ্ঞপ্তিতে উল্লিখিত তথ্য অনুযায়ী, অভিযান চলাকালে ইয়াসিন সরদারের কাছে তল্লাশি চালিয়ে ২০০ ইয়াবা ট্যাবলেট, কাঠের বাটযুক্ত একটি একনলা বন্দুক, একটি তাজা শর্টগানের কার্তুজ, একটি ধারালো রামদা এবং দুটি ধারালো চাকু উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেফতার ইয়াসিন সরদার খাসকান্দি গ্রামের আলকেস সরদার ও রোকসানা বেগমের ছেলে বলে জানিয়েছে পুলিশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ইয়াসিন সরদারের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট পাঁচটি মামলা রয়েছে। তবে উদ্ধার করা মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রের ঘটনায় তার বিরুদ্ধে মুন্সিগঞ্জ থানায় পৃথক এজাহার করা হয়েছে।
পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে জেলাজুড়ে অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান জোরদার করা হয়েছে।
প্রতিনিধি/এলএ