Dhaka Mail Logo

সারাদেশ

নড়াইলে মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

জেলা প্রতিনিধি

২২ অক্টোবর ২০২৬, ১০:০২ পিএম

নড়াইলের কালিয়া উপজেলায় ১০ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে একই মাদরাসার শিক্ষক মুফতি শরীফ শহিদুল্লাহর (৪৫) বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযোগে বলা হয়, ভুক্তভোগী শিশু কওমি মহিলা মাদরাসার দ্বিতীয় জামাতের আবাসিক ছাত্রী। গত (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে অভিযুক্ত ব্যক্তি লোক পাঠিয়ে তাকে পার্শ্ববর্তী মহিলা মাদরাসা থেকে কওমি মাদরাসায় ডেকে নেন। সেখানে তার সঙ্গে আরেকটি মেয়েকে নেওয়া হলে ওই মেয়েকে পানি কিনতে পাঠানো হয়। এ সময় অভিযুক্ত ব্যক্তি ওই মাদরাসাছাত্রীর শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করেন এবং ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। 

অভিযোগে আরও বলা হয়, এ সময় দুজন লোক কক্ষে ঢুকে পড়লে অভিযুক্ত ব্যক্তি ভুক্তভোগী মাদরাসাছাত্রীকে কাউকে ঘটনাটি জানালে প্রাণনাশের হুমকি দেন। পরে বাড়িতে ফিরে ভুক্তভোগী তার নানাকে বিষয়টি জানালে তার নানা গত (২১ অক্টোবর) কালিয়া থানায় লিখিত অভিযোগ করেন।

তবে এসব অভিযোগের ব্যাপারে অভিযুক্ত মুফতি শরীফ শহিদুল্লাহ বিষয়টি অস্বীকার করে বলেন, এটা সম্পূর্ণ যড়যন্ত্র, তবে অভিযোগকারী আমাদের সাথে বসতে সম্মতি প্রকাশ করেছেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রীস আলী বলেন, ভুক্তভোগী মাদরাদাছাত্রীর নানা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রতিনিধি/এলএ