Dhaka Mail Logo

সারাদেশ

গাইবান্ধায় মোটরসাইকেলের মিললো সাড়ে ৭ কেজি গাঁজা, গ্রেফতার ২

জেলা প্রতিনিধি

২২ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পিএম

গাইবান্ধা সদর উপজেলায় দুটি মোটরসাইকেলের তেলের ট্যাংকিতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা সাড়ে ৭ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার ঘাগোয়া ইউনিয়নের দাড়িয়াপুর বাজার এলাকায় সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কে এ অভিযান চালানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমন্ডপ গ্রামের মাইদুল ইসলাম (২২) ও শাকিল খান (২২)।

অভিযানিক দলের পক্ষ থেকে বলা হয় দাড়িয়াপুর বাজারে ফাতিহা ট্রেডার্সের সামনে সড়কে দুটি নীল রঙের অ্যাপাচি মোটরসাইকেল আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় একটি মোটরসাইকেলের তেলের ট্যাংকিতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা চার কেজি এবং অন্য মোটরসাইকেল থেকে সাড়ে তিন কেজি গাঁজা জব্দ করা হয়। দুটি মোটরসাইকেলসহ উদ্ধার করা গাঁজার আনুমানিক দাম ৬ লাখ ২৫ হাজার টাকা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিদর্শক এনামুল হক বলেন, এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।   

প্রতিনিধি/ এজে